ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে অভিহিত করেছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তাঁর মতে, এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের বিজয়, যা সরাসরি রাজপথের আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ওয়াংচুক লিখেছেন, ‘এটি গণতন্ত্রের জয়, প্রত্যক্ষ গণতন্ত্রের জয়, যা সরাসরি রাজপথ থেকে অর্জিত।’

এনইইটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। দ্রুত এই আন্দোলনের পরিধি বিস্তৃত হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ এতে যোগ দেন। এই আন্দোলনের প্রতি সংহতি জানাতে সোনম ওয়াংচুক টানা ২৬ দিন অনশন করেন, যার ফলে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে ওয়াংচুক এক্সে লিখেছেন, সিজেপি, জেন-জি প্রজন্মের তরুণ–তরুণী এবং ভয় ও ভয়ের আতঙ্ক কাটিয়ে দেশের সব প্রান্ত থেকে রাস্তায় নেমে আসা সব নাগরিককে অভিনন্দন ও ধন্যবাদ।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এখন শিক্ষাব্যবস্থার সংস্কারের দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন ওয়াংচুক। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন জবাবদিহি থেকে সংস্কারের দিকে এগোতে হবে।’

উল্লেখ্য, এনইইটি পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারের ভূমিকার প্রতিবাদে সিজেপির নেতৃত্বে দেশজুড়ে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছিল। সিজেপির কঠোর অবস্থানের পর আজ শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের নেতৃত্বে গড়ে ওঠা এই ছাত্র আন্দোলন শুরু থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবি জানিয়ে আসছিল।