ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর তাদের ওপর ‘আস্থা রেখে’ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র জমা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও আন্দোলনকারীদের আরও দুটি দাবি ছিল। সংবাদ সম্মেলনে সিজেপি জানায়, কেন্দ্র তাদের দাবিগুলো বিবেচনা করতে সম্মত হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আরও উল্লেখ করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের পরিমাণ কেন্দ্র শিগগিরই নির্ধারণ করবে।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করা এক চিঠিতে তিনি লেখেন, "গত ১০ দিনের ঘটনাপ্রবাহে তিনি মর্মাহত এবং দেশের ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম প্রতিক্রিয়ায় সিজেপি লিখেছে, “তেলাপোকা জিতেছে, গণতন্ত্র জিতেছে।”