ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান দিনেশ কার্তিক। তাঁর বিশ্বাস, ভারতের আগামীর সবচেয়ে বড় শক্তি হবে এই নতুন প্রজন্ম।
আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে কার্তিক লিখেছেন, ‘দিন শেষে আমরা সবাই একটি ভালো ভারতের জন্য কাজ করছি। নতুন প্রজন্মের স্পষ্ট দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সহযোগিতা আর নিরলস প্রচেষ্টা আমাকে সত্যিই মুগ্ধ করে। ভবিষ্যৎ উজ্জ্বল। পরবর্তী প্রজন্মই আমাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে। জয় হিন্দ।’
পোস্টটির ক্যাপশনে তিনি আরও উল্লেখ করেন, ‘আগামী এক দশক ভারতের।’
উল্লেখ্য, নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে এক মাসেরও বেশি সময় ধরে ভারতে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে শুরু হওয়া এই আন্দোলনে পরবর্তীতে বিভিন্ন বিরোধী দল এবং নানা শ্রেণি-পেশার মানুষ সমর্থন জানান। এই ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান।
বর্তমানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ ও মেন্টরের দায়িত্বে থাকা দিনেশ কার্তিক তাঁর পোস্টে আন্দোলন বা ধর্মেন্দ্র প্রধানের নাম সরাসরি উল্লেখ না করলেও, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরপরই তরুণদের নিয়ে তাঁর এই আশাবাদী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।