চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গুলির মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে, এসব গুলি ব্যবহৃত। আজ শনিবার বেলা একটার দিকে বায়েজিদ বোস্তামি থানা-পুলিশ এই অভিযান চালিয়ে গুলিগুলো উদ্ধার করে।
বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নালা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো ব্যবহৃত গুলি। তবে গুলিগুলো কোন ধরনের, কোথা থেকে এসেছে এবং কীভাবে সেখানে ফেলে রাখা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হবে।"
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সাদা রঙের একটি বস্তা থেকে গুলিগুলো বের করে নালার পাশে রাখা হচ্ছে।