দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের পাশাপাশি ফিচার ফোন ব্যবহারকারীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন মডেলের ফোন বাজারে এনেছে মটোরোলা। বাংলাদেশে মটোরোলা ফিচার ফোনের পরিবেশক টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেড ‘মটোরোলা এ৩০০ ২০২৬’ মডেলের ফোনটি বাজারজাত করছে।
আধুনিক সুবিধার সমন্বয়ে তৈরি এই ফোনটিতে রয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং, ব্লুটুথ ৫.৩, বাংলা কি-প্যাড এবং তারবিহীন এফএম রেডিও। দীর্ঘস্থায়ী ব্যাটারির পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে স্বয়ংক্রিয় কল রেকর্ডিং-সুবিধা। হার্ডওয়্যারের কথা বললে, ফোনটিতে ২.৪ ইঞ্চির পর্দা, ডুয়াল সিম ব্যবহারের সুবিধা, মেমোরি কার্ড স্লট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং এলইডি টর্চলাইট রয়েছে। এছাড়া ক্রেতাদের জন্য এতে ওয়ারেন্টি সুবিধা প্রদান করা হবে।
নতুন এই ফোনটি সম্পর্কে টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘দেশ ও বিদেশের বাজারে অতিপরিচিত মটোরোলা ব্র্যান্ডের নতুন এই ফোন পরিচিত করতে পেরে আমরা আনন্দিত, ভবিষ্যতে মটোরোলা ব্র্যান্ডের নতুন নতুন চমক নিয়ে আসছে টেকটাইম।’
অন্যদিকে, টেকটাইমের পরিচালক আসিফুর রহমান খান জানান, মটোরোলা বিশ্বের অন্যতম পরিচিত ও নির্ভরযোগ্য মোবাইল ব্র্যান্ড। নতুন এ ফোনে নির্ভরযোগ্যতা, সহজ ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। যাঁরা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও টেকসই ফোন খুঁজছেন—এমন ব্যবহারকারীদের জন্য এটি উপযোগী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাজারে মটোরোলা এ৩০০ ২০২৬ ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৫০ টাকা। ফোনটি কালো এবং হালকা বেগুনি—এই দুটি রঙের সংস্করণে পাওয়া যাচ্ছে।