মহাকাশে অবস্থানরত পুরোনো স্যাটেলাইটগুলোর কার্যকারিতার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে এক বিশেষ সার্ভিসিং মিশন শুরু করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স। এই লক্ষ্য অর্জনে গত ২১ জুলাই স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে নর্থরপ গ্রুম্যানের মিশন রোবোটিক ভেহিকেল (এমআরভি) এবং তিনটি মিশন এক্সটেনশন পড (এমইপি) উৎক্ষেপণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো পুনর্ব্যবহারযোগ্য রোবোটিক প্রযুক্তি মহাকাশে পাঠালো স্পেসএক্স।

নর্থরপ গ্রুম্যানের সহযোগী প্রতিষ্ঠান স্পেসলজিস্টিকস পরিচালিত এই এমআরভি এমইপি মিশনের মূল উদ্দেশ্য হলো কক্ষপথে থাকা পুরোনো উপগ্রহগুলোতে অতিরিক্ত চালিকাশক্তি যুক্ত করা, যাতে সেগুলোর কার্যকাল আরও কয়েক বছর বাড়ানো যায়। এমআরভির গন্তব্য পৃথিবী থেকে প্রায় ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার উচ্চতায় অবস্থিত ভূস্থির কক্ষপথ। সাধারণত যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ এবং নজরদারির কাজে ব্যবহৃত অধিকাংশ বাণিজ্যিক স্যাটেলাইট এই কক্ষপথেই অবস্থান করে।

স্পেসএক্সের এই মহাকাশযানটিতে যুক্তরাষ্ট্রের নেভাল রিসার্চ ল্যাবরেটরিতে তৈরি ১০ ফুট লম্বা দুটি রোবোটিক হাত রয়েছে। কক্ষপথে পৌঁছানোর পর এই হাতগুলোর সাহায্যে তিনটি পৃথক স্যাটেলাইটে একটি করে মিশন এক্সটেনশন পড সংযুক্ত করা হবে। এই পডগুলো স্যাটেলাইটকে কক্ষপথে নির্ধারিত অবস্থানে রাখতে এবং গতিপথ নিয়ন্ত্রণে সহায়তা করবে, যার ফলে প্রতিটি স্যাটেলাইটের কার্যকাল সর্বোচ্চ আট বছর পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। এই তিনটি পডের মধ্যে একটি ব্যবহার করবে অস্ট্রেলিয়ার স্যাটেলাইট অপারেটর অপটাস এবং বাকি দুটি ব্যবহার করবে ইনটেলস্যাট।

অভিযানটির বিশেষ বৈশিষ্ট্য হলো, এমআরভি ও এমইপিগুলো একসঙ্গে উৎক্ষেপণ করা হলেও কক্ষপথে পৌঁছানোর পর সেগুলো আলাদাভাবে কাজ করবে। এমআরভি প্রতিটি পড সংগ্রহ করে নির্ধারিত স্যাটেলাইটের কাছে নিয়ে যাবে এবং রোবোটিক আর্মের মাধ্যমে তা সংযুক্ত করবে। তিনটি পড স্থাপনের পরও এমআরভি কক্ষপথেই অবস্থান করবে এবং ভবিষ্যতে অন্যান্য সার্ভিসিং মিশনে অংশ নেবে। নতুন এমইপি পাঠানো হলে সেগুলোও একইভাবে বিভিন্ন উপগ্রহে স্থাপন করবে এই যানটি। এছাড়া এমআরভিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভবিষ্যতে কক্ষপথে থাকা উপগ্রহ স্থানান্তর, পরিদর্শন, ত্রুটি শনাক্ত, মেরামত এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত উন্নয়নে এটি ব্যবহৃত হতে পারে। মহাকাশযানটিতে একটি প্যাসিভ রিফুয়েলিং মডিউল থাকায় ভবিষ্যতে মহাকাশেই এতে জ্বালানি ভরা যাবে, যা দীর্ঘমেয়াদী সার্ভিসিং মিশনে সহায়ক হবে।

এই নতুন অভিযানটি মূলত নর্থরপ গ্রুম্যানের মিশন এক্সটেনশন ভেহিকেল (এমইভি) কর্মসূচির পরবর্তী ধাপ। এর আগে ২০১৯ সালে উৎক্ষেপণ করা এমইভি ১, ২০২০ সালে ইনটেলস্যাট ৯০১-এর সঙ্গে যুক্ত হয়ে বিশ্বের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট সার্ভিসিং মহাকাশযান হিসেবে ইতিহাস গড়েছিল। পরবর্তীতে ২০২০ সালে উৎক্ষেপণ করা এমইভি ২, ২০২১ সালে ইনটেলস্যাট ১০-০২-এর সঙ্গে যুক্ত হয়। তবে এমইভি একটি স্যাটেলাইটের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কাজ করত, যেখানে নতুন এমআরভির বিশেষত্ব হলো এটি একই মিশনে একাধিক স্যাটেলাইটে পৃথকভাবে এমইপি স্থাপন করতে সক্ষম। ফলে একটি মহাকাশযান দিয়েই একাধিক স্যাটেলাইটের আয়ু বাড়ানো সম্ভব হবে।