রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল পদত্যাগই যথেষ্ট নয়, বরং তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিচার নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিএনপির ভূমিকার তীব্র সমালোচনা করেছে এবি পার্টি।
শুক্রবার মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবি পার্টির নেতারা। বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই অভ্যুত্থানের পর ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণ করা উচিত ছিল। কিন্তু বিএনপি শুরু থেকেই সে অবস্থানে ছিল না। তাঁদের দাবি, শেখ হাসিনার সরকার পতনে ছাত্র-জনতার সময় লেগেছিল ৩৬ দিন, অথচ ‘ফ্যাসিবাদের অংশীদার’ রাষ্ট্রপতিকে সরাতে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকা বিএনপির লেগেছে ১৫৮ দিন।
এবি পার্টির নেতারা আরও দাবি করেন, মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ব্যাংকের অর্থ লুটপাট ও পাচারের অভিযোগগুলো গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে।