বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ‘খবর সংযোগ’-এর বিশেষ প্রতিনিধি আবু হেনা রাসেলের অকালপ্রয়াণে শোকাবহ হয়ে উঠেছে সাংবাদিক সমাজ। শুক্রবার বেলা ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির মিলনায়তনে মরহুমের স্মরণে এক দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সহকর্মীরা অত্যন্ত আবেগঘন পরিবেশে আবু হেনা রাসেলের স্মৃতিচারণা করেন। বক্তারা রাসেলের পেশাগত নিষ্ঠা, সততা এবং স্পষ্টবাদিতার কথা উল্লেখ করেন। মাঠপর্যায়ের সাংবাদিকতায় তাঁর সাহসিকতা ও অনুজ সাংবাদিকদের প্রতি আন্তরিকতার কথা তুলে ধরে জ্যেষ্ঠ সাংবাদিকেরা বলেন, রাসেল কেবল একজন দক্ষ সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত মানবিক ও অমায়িক ব্যক্তিত্বের একজন মানুষ।

স্মৃতিচারণা পর্বে বক্তব্য রাখেন ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ফকরুল আলম কাঞ্চন, কামরুজ্জামান খান, উপদেষ্টা মর্তুজা লিটন হায়দার, সাবেক সহসভাপতি মাসুম মিজান, শাহীন আব্দুল বারী ও উমর ফারুক আলহাদী। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি সাইফুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খানসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ মরহুমের পেশাগত অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা আবু হেনা রাসেলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেগুনবাগিচা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আবুল হাসানাত আবু হেনা রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এই শোকসভায় আরও উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি ইসারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক উপদেষ্টা ইকরামুল কবীরসহ সংগঠনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ও নেতৃবৃন্দ।