৪৭ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় চীনা অভিনেত্রী তাং ওয়েই। অভিনেত্রীর প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন। দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ তাং ওয়েইয়ের এটি দ্বিতীয় সন্তান।

বুধবার চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি ছবি পোস্ট করেন তাং ওয়েই। ওই ছবিতে পরিবারের চার সদস্যকে একে অপরের হাত ধরে থাকতে দেখা যায়। পাশাপাশি নবজাতকের জন্য কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও সেখানে ছিল। তাঁদের প্রথম সন্তান সামারের কথা উল্লেখ করে তাং ওয়েই লিখেছেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।’

এর আগে বেশ কয়েক মাস ধরে তাং ওয়েইয়ের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে নানা জল্পনা চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে তাঁকে বেবি বাম্পসহ দেখা গেলে এই গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি গর্ভধারণের খবর নিশ্চিত করেন। ওই ছবিতে তাঁদের হাতে ঘোড়ার খেলনা ছিল। তখন তাং লিখেছিলেন, ‘আমরা খুবই খুশি। আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ দিচ্ছে। সবাই শিশুটির সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে।’

গত মাসে এই দম্পতিকে একসঙ্গে হংকং ভ্রমণে দেখা গিয়েছিল, যার পর অনলাইনে তাঁদের সন্তানের জন্মের বিষয়ে আলোচনা আরও জোরালো হয়।

১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই ২০০৪ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। ২০১০ সালে ‘লেট অটাম’ সিনেমার শুটিং চলাকালীন পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন। ২০১৬ সালে তাঁদের প্রথম কন্যাসন্তান সামারের জন্ম হয়। কিম তে-ইয়ং ‘লেট অটাম’সহ একাধিক চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত।