পারিবারিক কারণে মাসখানেকের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করে সম্প্রতি দেশে ফিরেছেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। দেশে ফিরেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন শিল্পকলা একাডেমির একটি একক গানের আয়োজন নিয়ে। আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে তাঁর এই একক সংগীতানুষ্ঠান, যেখানে তিনি তাঁর গৌরবময় সংগীতজীবনের ১০টি গান পরিবেশন করবেন।

দীর্ঘ ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দু-তিনবার গান গাইলেও, একক গানের অনুষ্ঠান এটিই তাঁর প্রথম। অনুষ্ঠানটি সম্পর্কে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, রুনা লায়লার ৬২ বছরের দীর্ঘ ক্যারিয়ার থেকে বাছাই করা ১০টি কালজয়ী ও শ্রোতাপ্রিয় গান দিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। গান পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এছাড়া এই আয়োজনের একটি মানবিক দিক রয়েছে; টিকিট বিক্রির পুরো অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে বলে জানিয়েছে শিল্পকলা একাডেমি। এর আগে শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে একই ধরনের আয়োজন করেছিল শিল্পকলা একাডেমি।

এই অনুষ্ঠান শেষ করেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত হয়ে পড়বেন এই গুণী শিল্পী। জানা গেছে, চলতি মাসের শেষ দিকে তিনি অস্ট্রেলিয়া সফরে যাবেন এবং সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী বাংলা ভাষাভাষী শ্রোতাদের গান শোনাবেন।