খাবারপ্রেমীদের জন্য চিকেন মিট বক্সের একটি সহজ ও সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন শুভাগতা দেবাশীষ। এই পদটি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে রয়েছে ২টি কিউব করে কাটা মুরগির ব্রেস্ট, ১ চা-চামচ আদাবাটা, ১ চা-চামচ রসুনবাটা, ১ চা-চামচ পাপরিকা বা মরিচগুঁড়া, আধা চা-চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা-চামচ জিরাগুঁড়া, ১ চা-চামচ সয়া সস, ১ টেবিল চামচ তেল এবং স্বাদমতো লবণ। এছাড়া প্রয়োজন হবে ২টি বড় আলু, ২ টেবিল চামচ মেয়নেজ, ২ টেবিল চামচ টমেটো কেচাপ, ১ টেবিল চামচ বারবিকিউ সস (ঐচ্ছিক), ১ কাপ মোজারেলা বা চেডার চিজ, ১ চা-চামচ চিলি ফ্লেক্স এবং সামান্য ওরিগানো।

প্রস্তুত প্রণালী:
প্রথমে মুরগির মাংসের সঙ্গে আদা-রসুনবাটা, পাপরিকা বা মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরাগুঁড়া, সয়া সস, তেল ও লবণ মিশিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এরপর একটি প্যানে মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করে নিতে হবে। একই সময়ে আলু ফ্রেঞ্চফ্রাই আকারে কেটে মুচমুচে করে ভেজে নিতে হবে।

পরবর্তী ধাপে একটি ওভেন-প্রুফ পাত্রে প্রথমে ফ্রেঞ্চফ্রাই বিছিয়ে তার ওপর রান্না করা চিকেন ছড়িয়ে দিতে হবে। এরপর মেয়নেজ, টমেটো কেচাপ ও বারবিকিউ সস জিগজ্যাগ করে দিয়ে ওপরে গ্রেট করা চিজ ছড়িয়ে দিন। স্বাদ বাড়াতে চাইলে সসেজ স্লাইস, মাশরুম, হালাপিনিয়ো, সুইট কর্ন বা নাগা সস যোগ করা যেতে পারে।

সবশেষে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫-৭ মিনিট বেক করতে হবে অথবা ঢেকে গরম করতে হবে, যতক্ষণ না চিজ পুরোপুরি গলে যায়। নামানোর আগে ওপরে চিলি ফ্লেক্স ও ওরেগানো ছিটিয়ে গরম-গরম পরিবেশন করুন এই মজাদার চিকেন মিট বক্স।