২০২৬ এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ড্র-তে এই বিষয়টি চূড়ান্ত করা হয়। বাকি দলগুলোর মধ্যে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমানকে মূল পর্বে যোগ দিতে প্রথম রাউন্ডের লড়াই লড়তে হবে।
গতকাল পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের গ্রুপ চূড়ান্ত করে ড্র অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে মোট ১০টি দল শিরোপার লড়াইয়ে অংশ নেবে এবং নারী বিভাগে অংশ নেবে ৮টি দল।
মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়ে। এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, ভারতের মুখোমুখি হবে জাপান, শ্রীলঙ্কা লড়বে মালয়েশিয়ার বিরুদ্ধে এবং পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মেয়েদের ক্রিকেট ইভেন্ট।
অন্যদিকে, ছেলেদের ক্রিকেট ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। প্রথম পর্বের ‘এ’ গ্রুপে লড়বে আফগানিস্তান, জাপান ও নেপাল এবং ‘বি’ গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। এই দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়া দলগুলোর সঙ্গে নকআউটে মুখোমুখি হবে। টি-টোয়েন্টি সংস্করণের সব ম্যাচ অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়ায়।
উল্লেখ্য, ২০২৩ এশিয়ান গেমসে ছেলে ও মেয়েদের ক্রিকেট ইভেন্টে সোনা জিতেছিল ভারত। সেবার পুরুষ বিভাগের ফাইনালে আফগানিস্তান ১৮.২ ওভার খেলার পর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়। র্যাঙ্কিংয়ে আফগানদের চেয়ে শ্রেয়তর অবস্থানে থাকায় ভারতকে স্বর্ণপদক বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া মেয়েদের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনার পদক জেতে ভারতীয় মেয়েরা।