২০২৬ বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের বিষাদ কাটিয়ে নতুন শুরুর প্রস্তুতি নিচ্ছেন নিকোলাস ওতামেন্দি। এরই মধ্যে রিভার প্লেটের হয়ে অনুশীলন শুরু করেছেন তিনি। আগামীকাল শনিবার বারাকাস সেন্ট্রালের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে নতুন ক্লাবে তাঁর অভিষেক। তবে ক্লাব ক্যারিয়ারে ফেরার আগে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের ইতি টানলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

৩৮ বছর বয়সী ওতামেন্দি এক আবেগঘন বার্তার মাধ্যমে ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে ১৩৯টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে করেছেন ৮টি গোল। তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য ২০২২ বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা শিরোপা জয়। তবে সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তে।

ইনস্টাগ্রামে জাতীয় দলের হয়ে নিজের সেরা মুহূর্তগুলোর ভিডিও প্রকাশ করে ওতামেন্দি লিখেছেন, ‘আজ আমাকে আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখতাম। আমি আমার আত্মা, অগাধ গর্ব এবং কোটি কোটি আর্জেন্টাইনের কাছে এই জার্সির আবেগ ও দায়িত্বের মূল্য অনুধাবন করেই একে মাঠের লড়াইয়ে আগলে রেখেছি।’

নিজের বিদায় প্রসঙ্গে এই সেন্টারব্যাক আরও লিখেছেন, ‘ভাগ্যই যেন ঠিক করে রেখেছিল, আমার শেষ ম্যাচ হবে বিশ্বকাপ ফাইনাল। ফলটা অবশ্য আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি। তবে আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ জানি, এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সবটুকু উজাড় করে লড়েছে। মাঠে আমি আমার সবকিছুই দিয়ে এসেছি—এ তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছি। কখনো একফোঁটা চেষ্টারও কমতি রাখিনি, কখনো বিশ্বাস হারাইনি। আর এই জার্সিকে জীবনের সবচেয়ে বড় সম্মান হিসেবেই সব সময় অনুভব করেছি।’

বার্তার শেষে তিনি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ, আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ।’

ইউরোপে দীর্ঘ ১৭ বছরের সফল ক্যারিয়ারের ইতি টেনে সম্প্রতি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন ওতামেন্দি। ইউরোপের ক্লাব ফুটবলে তিনি পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে খেলেছেন। জাতীয় দলের হয়ে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন এই ডিফেন্ডার।