কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমানকে (৪৫) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর একটি দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাঁকে কুতুবদিয়া থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাঈদুল হক বলেন, "গত রোববার রাত ১০টার দিকে উত্তর ধুরুং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে থানায় নেওয়ার পথে একদল ব্যক্তি মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালায় এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।"

পুলিশ সূত্রে জানা গেছে, এই ছিনতাইয়ের ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে পুনরায় ধরতে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়।

পুলিশ আরও জানায়, তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন গোপন সূত্রের তথ্য বিশ্লেষণের মাধ্যমে মিজানুর রহমানের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার বাঁশখালীর দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

এসআই সাঈদুল হক আরও জানান, "মিজানুর রহমানকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলাসহ তাঁর বিরুদ্ধে থাকা পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।"