চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনেই দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২ দশমিক ১৭ বিলিয়ন (২১৭ কোটি) মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, জুলাইয়ের প্রথম ২২ দিনে প্রবাসীরা ২ হাজার ১৭০ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। যার মধ্যে শুধু ২২ জুলাই এক দিনেই এসেছে ৭৫ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৭৫৯ মিলিয়ন ডলার। সেই হিসাবে বছরের ব্যবধানে প্রবাসী আয় প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৪ শতাংশ।

রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারার প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক গতি দেখা গেছে। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৮১ কোটি মার্কিন ডলারে (৩৬.৪৮ বিলিয়ন ডলার)। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৮৪ কোটি ডলার বা ৩১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।