নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’ এর রোমান্টিক ও অন্তরঙ্গ দৃশ্যগুলো বরাবরই দর্শকদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সিরিজের অধিকাংশ অভিনয়শিল্পী এসব দৃশ্যের প্রস্তুতি ও নির্মাতাদের সহযোগিতার প্রশংসা করলেও, ভিন্ন অভিজ্ঞতার কথা শুনিয়েছেন ভায়োলেট ব্রিজারটন চরিত্রে অভিনয় করা ৫৮ বছর বয়সী অভিনেত্রী রুথ জেমেল।

সম্প্রতি ফরাসি সাময়িকী সিমে-তেলে-রেভ্যুকে দেওয়া এক সাক্ষাৎকারে রুথ জানান, চতুর্থ মৌসুমে তাঁর চরিত্রের একটি অন্তরঙ্গ দৃশ্য রাখা হয়েছে, যা সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। পোশাকের মাপ নেওয়ার সময় তিনি হঠাৎ বুঝতে পারেন যে, তাঁর জন্য তৈরি পোশাকটি ওই নির্দিষ্ট দৃশ্যের জন্য।

সেই মুহূর্তের অনুভূতি বর্ণনা করে রুথ বলেন, ‘আমি সত্যিই কিছুটা হতবাক হয়েছিলাম। পোশাকের ফিটিংয়ের সময় বুঝতে পারি, এমন একটি দৃশ্যের জন্য আমাকে প্রস্তুত করা হচ্ছে, যার কথা আমি আগে জানতামই না। সেদিন বাসায় ফিরে কেঁদেছিলাম।’

চতুর্থ মৌসুমে ভায়োলেট ব্রিজারটনের বিপরীতে লর্ড মার্কাস অ্যান্ডারসন চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ফ্রান্সিস। স্বামীর মৃত্যুর দীর্ঘ সময় পর ভায়োলেটের নতুন সম্পর্কের সূচনা দেখানো হয়েছে এই মৌসুমে।

তবে দৃশ্যটি পর্দায় দেখার পর স্বস্তি প্রকাশ করেছেন রুথ। তাঁর মতে, দৃশ্যটি অত্যন্ত সংযতভাবে এবং অল্প আলো ব্যবহার করে ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘ভাগ্য ভালো, আমাদের দৃশ্যটি সিরিজের তরুণ চরিত্রগুলোর মতোভাবে উপস্থাপন করা হয়নি। আমার মনে হয় না, মানুষ সেটাই দেখতে চাইত।’

ভায়োলেটের এই সম্পর্কের গল্পটি পর্দায় ফুটিয়ে তোলা জরুরি ছিল বলে মনে করেন রুথ। তাঁর ভাষায়, ‘একটা নির্দিষ্ট বয়সের পর মানুষ বেঁচে থাকা বা ভালোবাসা বন্ধ করে দেয় না। প্রথম প্রেম যেমন সুন্দর, তেমনি এমন একজন মানুষের ভালোবাসাও গুরুত্বপূর্ণ, যে ভালোবেসেছে, হারিয়েছে, শোকের মধ্য দিয়ে গেছে এবং জীবনের অনেক অভিজ্ঞতা বহন করে। অনেক মানুষই এই অনুভূতির সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন।’