নীল সমুদ্রের বুকে ইয়টে বসে গান গাইছেন ব্ল্যাকপিংক তারকা জেনি। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে কালো বিকিনি পরিহিত জেনির পেছনে এক রহস্যময় তরুণকে দেখা গেছে, যিনি তাকে জড়িয়ে ধরে আছেন।

গত ২৩ জুলাই টিকটকে ভিডিওটি প্রকাশ করেন জেনি। ভিডিওটিতে দুজনের মধ্যে রোমান্টিক রসায়ন ফুটে উঠেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি প্রকাশের পরপরই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে—জেনি কি প্রেম করছেন, নাকি এটি কোনো মিউজিক ভিডিওর দৃশ্য?

পরবর্তীতে জানা গেছে, ভিডিওতে থাকা ওই তরুণ তাইওয়ানের মডেল কাই। জেনির নতুন গান ‘লেস দ্যান আ লাভার’–এর প্রচারণার অংশ হিসেবেই এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এর আগেও কাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি পোলারয়েড ছবি প্রকাশ করে আলোচনায় এসেছিলেন জেনি।

এদিকে জেনি তাঁর নতুন গানের টিজারও প্রকাশ করেছেন। সেখানে জেনি ও কাইকে ঘনিষ্ঠ আবহে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকতে এবং হাত ধরে থাকতে দেখা গেছে। এই দৃশ্য দেখে অনেকে ধারণা করছেন তাঁরা হয়তো প্রেম করছেন।

আরেকটি শর্ট ভিডিওতেও জেনি ও কাইয়ের উপস্থিতি নিয়ে কথা হচ্ছে। ভিডিওতে ক্যামেরার দিকে তাকিয়ে ‘লেস দ্যান আ লাভার’ গানটি গাইতে দেখা যায় জেনিকে, আর তাঁর পেছনে ছিলেন কাই। গান শেষ হওয়ার পর জেনি তাঁর কাছে গিয়ে হাত ধরেন এবং দুজন একসঙ্গে দৌড়াতে শুরু করেন।

আগামী ২৪ জুলাই বেলা ১টায় গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।