জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা দেখছি নতুন করে কার্ডের রাজনীতি শুরু হয়েছে। তারেক রহমান ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষক কার্ড দিয়েছেন, এখন ইউনিভার্সাল কার্ডের কথাও বলছেন। আমরা তার কাছে জানতে চাই—আপনার ওই কার্ডের মধ্যে চাঁদাবাজির কার্ড, দখলদারির কার্ড কিংবা থানা দখলের কার্ড থাকবে কি না?
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড়ে পদযাত্রা-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, বিএনপি আমাদের সঙ্গে অভ্যুত্থানে ছিল, তারা বিগত ১৭ বছর নিপীড়নের শিকার হয়েছে। আমরা কেবল সমালোচনার খাতিরে সমালোচনা করতে চাই না। কিন্তু যখন দেখি খাল খননের নামে বালি, মাটি ও পানি লুটপাট হয়—এমনকি পারলে খালটাই লুট হয়ে যায়, তখন আমাদের কথা বলতেই হয়। বাংলাদেশে এই নতুন লুটপাটের রাজনীতি আমরা হতে দেব না।
তিনি আরও বলেন, ছাত্রদল, যুবদল বা বিএনপির মাধ্যমে আগামীতে যদি এসব অপকর্মের ‘কার্ড’ আমরা দেখতে পাই, তবে মনে রাখবেন তারেক রহমান—বাংলাদেশের মানুষ আপনাকেই লাল কার্ড দেখাবে।
এর আগে, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে অনুষ্ঠিত এক ছাত্র সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। সমাবেশ শেষে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।