বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর এবং ডিপ-টেক উদ্ভাবনের একটি কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট ২০২৬’। আগামী ২৫ ও ২৬ জুলাই ঢাকার তেজগাঁও নভোথিয়েটারে এই দুই দিনব্যাপী আয়োজনটি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির যৌথ অংশীদারত্বে এই সামিটের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এই সম্মেলনে সরকারের নীতিনির্ধারক, আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। তাঁরা বাংলাদেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক কৌশল প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সামিটের প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। একই দিনে সকালে তিনি বিয়ার ইনোভেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধন করবেন বলে জানা গেছে।
এই সামিটে সেমিকন্ডাক্টর খাতের দক্ষ জনশক্তি তৈরি, ইকোসিস্টেম গঠন, বৈশ্বিক অংশীদারত্ব, গবেষণা, উন্নত উৎপাদন ব্যবস্থা, বাণিজ্যিকীকরণ এবং ডিপ-টেক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সম্মেলনে গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, স্যানডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
আয়োজনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে ‘ক্রিস্টে ফেলোশ রিসার্চ সিম্পোজিয়াম’, যেখানে দেশের উদীয়মান সেমিকন্ডাক্টর গবেষকেরা তাঁদের গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করবেন। পাশাপাশি বিয়ার ইনোভেশন এক্সপোতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের তত্ত্বাবধানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেমসহ ডিপ-টেক খাতের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শিত হবে।
আগামী ২৬ জুলাই সামিটের সমাপনী অনুষ্ঠানে আটটি কৌশলগত জাতীয় দলিল প্রকাশ করা হবে। এসব দলিলের মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর সুপারিশমালা, ট্যালেন্ট রোডম্যাপ ২০৩০, ইকোসিস্টেম রোডম্যাপ, আন্তর্জাতিক অংশীদারত্ব কাঠামো, ডিপ-টেক অগ্রাধিকার খাত ও বাণিজ্যিকীকরণ কাঠামো।
আয়োজকদের বিশ্বাস, এই দলিলগুলো বাংলাদেশের সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের দীর্ঘমেয়াদি বাস্তবায়ন কাঠামো তৈরিতে কার্যকর দিকনির্দেশনা প্রদান করবে।