স্বাদের ভিন্নতা খুঁজতে গেলে থাই স্যুপের নাম আসে সবার আগে। টক, ঝাল, মিষ্টি আর ক্রিমি স্বাদের নিখুঁত মেলবন্ধনে তৈরি এই স্যুপ বিশ্বজুড়েই জনপ্রিয়, আর দেশের খাবারপ্রেমীদের কাছেও এর আবেদন দিন দিন বাড়ছে। অতিথি আপ্যায়ন, পারিবারিক আয়োজন, ছুটির দিনে, বৃষ্টির বিকেলে বা শীতের সন্ধ্যায় বিশেষ খাবারের তালিকায় খুব সহজেই জায়গা করে নিতে পারে থাই স্যুপ। রেস্টুরেন্টে না গিয়েও ঘরে তৈরি করা সম্ভব সুস্বাদু এই থাই স্যুপ

সহজ কিছু উপকরণ আর সঠিক প্রণালি অনুসরণ করলেই মিলবে দারুণ স্বাদ। আসুন জেনে নেই সুস্বাদু থাই স্যুপ তৈরির সহজ রেসিপি।

যে যে উপকরণ লাগবে

মুরগির বুকের মাংস: আধা কাপ (ছোট টুকরো করা)

চিকেন স্টক: ৬ কাপ

চিংড়ি: ১০-১২টি (খোসা ছাড়ানো)

মাশরুম: আধা কাপ (কুচি করা)

বেবি কর্ন: আধা কাপ

ডিমের কুসুম: ২টি (ফেটানো)

আদা ও রসুন কুচি: ১ টেবিল চামচ

সয়া সস: ১ টেবিল চামচ

চিলি সস: আধা কাপ

টমেটো ক্যাচাপ: আধা কাপ

গোলমরিচ গুঁড়া: আধা চা চামচ

লেবুর রস: ১ টেবিল চামচ

ভিনেগার: ১ টেবিল চামচ

চিনি: ২ টেবিল চামচ

লবণ: আধা চামচ থেকে ১ চা চামচ (স্বাদমতো)

লেমন গ্রাস: ১ থেকে ২ টুকরো

কর্নফ্লাওয়ার: ৩ টেবিল চামচ (অল্প পানিতে গুলে নেওয়া)

যেভাবে বানাবেন

একটি বড় বাটিতে ডিমের কুসুম, সয়া সস, চিলি সস, টমেটো ক্যাচাপ, লেবুর রস, ভিনেগার, চিনি, লবণ ও কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে।

অন্য একটি পাত্রে চিকেন স্টক, লেমন গ্রাস, মুরগির মাংস, চিংড়ি, মাশরুম, বেবি কর্ন ও আদা ও রসুন কুচি দিয়ে চুলায় মাঝারি আঁচে ফুটিয়ে নিতে হবে।

মাংস সেদ্ধ হয়ে গেলে আগে থেকে তৈরি করা সসের মিশ্রণটি স্যুপে ঢেলে দিতে হবে। অনবরত নাড়তে হবে, যাতে দলা না পেকে যায়।

স্যুপ ঘন হয়ে এলে এবং পছন্দমতো থিকনেস বা ঘনত্ব আসলে নামিয়ে ফেলুন এবং গরম গরম পরিবেশন করুন মজাদার থাই সুপ

থাই স্যুপের পুষ্টিগুণ

থাই স্যুপে থাকে প্রোটিন, ভিটামিন, খনিজ ও খাদ্যআঁশের ভালো সমন্বয়। মুরগির মাংস প্রোটিনের চাহিদা পূরণে সাহায্য করে, আর বিভিন্ন সবজি শরীরকে দেয় ভিটামিন এ, সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। তুলনামূলকভাবে তেল ব্যবহার কম বা না হওয়ায় এটি হালকা ও স্বাস্থ্যসম্মত একটি খাবার। বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন সবজি ও প্রোটিনসমৃদ্ধ স্যুপ শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগাতে সাহায্য করে। একই সঙ্গে এটি সহজপাচ্য হওয়ায় অসুস্থতা কিংবা মৌসুমি ঠান্ডা-কাশির সময়ও বেশ উপকারী।

টিপস্

সবজি বেশি সেদ্ধ করলে এর রং ও পুষ্টিগুণ বজায় থাকে না।

কর্নফ্লাওয়ার সরাসরি স্যুপে দিলে দলা বেঁধে যেতে পারে, তাই আগে পানিতে গুলে নিন।

কর্নফ্লাওয়ার ধীরে ধীরে মেশাতে হবে, তাহলে স্যুপ মসৃণ হবে।

অতিরিক্ত সস ব্যবহার করলে স্যুপের আসল স্বাদ নষ্ট হতে পারে।

ডিম ঢালার পর দ্রুত নাড়াচাড়া করলে ডিমের সুন্দর স্তর তৈরি হবে না।

সামান্য তিলের তেল বা লেবুর রস পরিবেশনের আগে যোগ করলে এর স্বাদ আরও সতেজ লাগে।

ঘরে তৈরি থাই স্যুপ শুধু একটি সুস্বাদু খাবারই নয়, এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসেরও একটি ভালো সংযোজন হতে পারে। সহজ উপকরণ, অল্প সময় এবং সঠিক পদ্ধতি অনুসরণ করলে পরিবারের সবাইকে চমকে দেওয়ার মতো রেস্টুরেন্টের স্বাদের থাই স্যুপ তৈরি করা সম্ভব। সুস্বাদু, পুষ্টিকর ও আরামদায়ক এই খাবার পরিবারের সবার জন্য হতে পারে স্বাস্থ্যকর একটি পছন্দ। ব্যস্ত দিনের শেষে কিংবা ছুটির বিকেলে এক বাটি গরম থাই স্যুপ এনে দিতে পারে স্বাদ, পুষ্টি ও প্রশান্তির অনন্য সমন্বয়।