গ্রাহক এবং কর্মীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেসের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক। সম্প্রতি রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। ব্যাংকটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের হেড ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড অপারেশনস হেলাল আহমেদ এবং ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেন, ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেসের প্রধান আর্থিক কর্মকর্তা আবু রায়হান আল বেরুনীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের সকল গ্রাহক, কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যরা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে বিশেষ ছাড় পাবেন। এই সুবিধা ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেসের আওতাধীন প্রতিষ্ঠান ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢাকা), মেডিক্স (একটি বিশেষায়িত ক্লিনিক) এবং এম এ রশীদ হসপিটাল (জামালপুর)-এর বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।