পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গারা পরিস্থিতির কারণে রাষ্ট্রহীন হয়নি, বরং তাদের পরিকল্পিতভাবেই রাষ্ট্রহীন করা হয়েছে। এটি একটি রাজনৈতিক ব্যর্থতা, যার সমাধানও রাজনৈতিকভাবেই হতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) সদস্য দেশগুলোর প্রতি আরও কার্যকর ও সমন্বিত সহযোগিতার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, স্বেচ্ছাধীন, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা নিজ দেশে ফিরে যেতে পারে।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রসঙ্গ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের জটিল সংকটগুলোর সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব। তিনি সামুদ্রিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও সংশ্লিষ্ট সব রাষ্ট্রকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার বিষয়টি তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, দুর্যোগ প্রস্তুতি ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদারে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদীয়মান প্রযুক্তির সম্ভাবনা এবং ঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের ভূরাজনৈতিক ও উন্নয়নগত বাস্তবতা বিবেচনায় একটি ‘আঞ্চলিক প্রযুক্তি শাসন’ (রিজিওনাল টেকনোলজি গভর্ন্যান্স) কাঠামো গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

এদিকে, এআরএফ বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, মানবিক সহায়তা এবং বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।