সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের ঘটনায় তাঁর সংসদ সদস্য পদের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান পরিষ্কার করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, কোনো সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কারের বিষয়ে দলীয় চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের করার কিছু নেই।

নির্বাচন কমিশনার আরও জানান, এই বিষয়ে স্পিকার রেফার করলে ‘ডিসপিউট (বিতর্ক)’ নিয়ে পর্যালোচনা ও শুনানি শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করেছে। এরপর থেকেই তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।