আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি-নাগোয়া শহরে শুরু হতে যাচ্ছে ২০তম এশিয়ান গেমস। এই আসরে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ নাগোয়া শহরে অনুষ্ঠিত নারী ফুটবল ইভেন্টের ড্র-তে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।

এর আগে ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই আসরে গ্রুপ পর্বের তিন ম্যাচে একটি ড্র ও দুটি পরাজয়ের ফলে বিদায় নিতে হয় তাদের।

এবারের আসরে ঋতুপর্ণা চাকমা ও মোসাম্মত সাগরিকাদের সামনে চ্যালেঞ্জ আরও কঠিন। গ্রুপ পর্বে তাদের মোকাবিলা করতে হবে এশিয়ার দুই পরাশক্তি দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়াকে। পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ কোরিয়া এশিয়ান গেমসে দশবার অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে। অন্যদিকে, উত্তর কোরিয়া এই প্রতিযোগিতার অন্যতম সফল দল, যাদের সংগ্রহে রয়েছে তিনটি স্বর্ণ পদক। গ্রুপের অপর দল মিয়ানমার বাংলাদেশের মতোই এশিয়ান গেমসে মাত্র একবার অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

এবারের নারী ফুটবল প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নিচ্ছে, যাদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। শক্তির বিচারে জাপান এগিয়ে থাকলেও বাকি তিন দলের মধ্যে তীব্র লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া গ্রুপ ‘সি’-তে রয়েছে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং, যেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার প্রত্যাশা করা হচ্ছে।