আগামী বছর ইংল্যান্ড সফরে গিয়ে ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট খেলবে বাংলাদেশ দল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। ২০২৭ সালের ২৮ মে শুরু হতে যাওয়া এই ম্যাচটি হবে একটি এক টেস্টের সিরিজ।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর বাংলাদেশ ইংল্যান্ড সফরে যাচ্ছে। সর্বশেষ ২০১০ সালে তারা ইংল্যান্ড সফরে গিয়েছিল, যেখানে দুই ম্যাচের সিরিজের একটি লর্ডসে অনুষ্ঠিত হয়েছিল।
এর মাঝে ইংল্যান্ড দল বাংলাদেশে সফর করেছে। ২০১৭ সালের সেই সফরে মিরপুরে বাংলাদেশ জয়লাভ করলেও চট্টগ্রামে জয় পেয়েছিল ইংল্যান্ড। দুই দলের মধ্যে এখন পর্যন্ত অনুষ্ঠিত ১০টি টেস্টের মধ্যে বাংলাদেশের জয় এসেছে মাত্র একবার।
দীর্ঘদিন ধরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সিরিজ খেলার অপেক্ষায় ছিল বাংলাদেশ। আগামী মাসেই ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। ফলে এক বছরের মধ্যেই নাজমুল হোসেন ও তার সতীর্থরা ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাবেন।
পুরুষ দলের পাশাপাশি ২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশের নারী দলও। ইসিবি জানিয়েছে, নারী দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর নর্দাম্পটন, ১০ সেপ্টেম্বর টনটন এবং ১২ সেপ্টেম্বর উস্টারে। এরপর ১৭ সেপ্টেম্বর হোভ, ২১ সেপ্টেম্বর কেন্টাবেরি ও ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।