যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ওয়াটারস্টোনস ডেব্যু ফিকশন পুরস্কার অর্জন করেছেন লেখক ও কবি রেবেকা পেরি। তাঁর প্রথম উপন্যাস 'মে উই ফিড দ্য কিং'-এর জন্য তিনি এই সম্মাননা লাভ করেন।
ছয়টি উপন্যাসের সংক্ষিপ্ত তালিকা থেকে বিচারকদের পছন্দের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হয় 'মে উই ফিড দ্য কিং'। উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে বর্তমান সময়ের একজন জাদুঘর কিউরেটরকে কেন্দ্র করে, যার কাজ হলো ঐতিহাসিক বাড়িগুলোর কক্ষগুলোকে অতীতের আবহে সাজিয়ে তোলা। একটি নতুন প্রকল্পে কাজ করতে গিয়ে তিনি ধীরে ধীরে এক মধ্যযুগীয় রাজার জীবন নিয়ে আচ্ছন্ন হয়ে পড়েন। একই সঙ্গে উপন্যাসে সমান্তরালভাবে ফুটে উঠেছে সেই রাজার ক্ষমতায় বসতে অনীহার গল্প।
রেবেকা পেরির লেখার প্রশংসা করে ওয়াটারস্টোনসের বইবিষয়ক প্রধান বিয়া কারভালহো বলেন, "রেবেকা পেরির গদ্য একই সঙ্গে সংযত ও আকর্ষণীয়।"
তাঁর মতে, উপন্যাসটি কৌতূহল ও নস্টালজিয়ায় ভরা ভিন্ন অভিজ্ঞতা। বিয়া কারভালহো আরও বলেন, "একজন কবির সূক্ষ্ম দৃষ্টিতে রেবেকা পেরি স্মৃতি, ক্ষমতার বোঝা এবং মানুষের অন্তর্দ্বন্দ্বকে অসাধারণভাবে তুলে ধরেছেন। তাঁর ভবিষ্যৎ লেখালেখি নিয়ে আমরা দারুণ আশাবাদী।"
পুরস্কারের অংশ হিসেবে রেবেকা পেরি ৫ হাজার পাউন্ড অর্থমূল্য পাবেন। প্রতি বছর বই বিক্রেতাদের ভোটের মাধ্যমে সব ধরনের সাহিত্যধারার মধ্য থেকে সেরা অভিষেক উপন্যাসটিকে এই পুরস্কার প্রদান করা হয়।
২০২২ সালে চালু হওয়া এই পুরস্কারের পূর্ববর্তী বিজয়ীদের মধ্যে রয়েছেন টেস গান্টি, অ্যালিস উইন এবং ফের্ডিয়া লেনন। গত বছর এই পুরস্কার জিতেছিলেন লুসি স্টিডস।
এ বছরের সংক্ষিপ্ত তালিকায় আরও স্থান পেয়েছিল ম্যাডেলিন ক্যাশের 'লস্ট ল্যাম্বস', জিয়ং হানের 'হানি ইন দ্য উন্ড', তারা মেননের 'আন্ডার ওয়াটার', স্টেফানি সি-কুইয়ার 'আ প্রাইভেট ম্যান' এবং অ্যাঞ্জেলা টোমাস্কির 'দ্য ইনফেমাস গিলবার্টস'।