নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। এই ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়ে অনলাইন প্ল্যাটফর্মে সই সংগ্রহ শুরু করেছেন দেশটির সমর্থকরা।
চেঞ্জ ডট অর্গ নামক প্ল্যাটফর্মে গিজেলা সানচেজ নামের এক সমর্থক এই আবেদনটি চালু করেন। গত রোববার রাতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে এই পিটিশন শুরু করা হয়। সানচেজের দাবি, রেফারির কিছু সিদ্ধান্ত ম্যাচের চূড়ান্ত ফলাফলের ওপর প্রভাব ফেলেছে। তবে সুনির্দিষ্ট বা যাচাইকৃত কোনো প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগ তুলে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে বিষয়টি সুষ্ঠু পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত এই প্রচারণায় প্রায় ৬২ হাজার মানুষ সই করেছেন।
আবেদনটিতে রেফারির সিদ্ধান্তগুলো পুনর্মূল্যায়নের জন্য ফিফার প্রতি অনুরোধ জানানো হলেও, এর কোনো আইনগত বা প্রাতিষ্ঠানিক বৈধতা নেই। ক্রীড়া বিধিমালার বিশেষ কোনো ধারা কিংবা কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত ছাড়া কোনো অফিশিয়াল টুর্নামেন্টের ফল পরিবর্তন করা বা ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ নেই।
বিশ্বকাপ চলাকালেও একই ধরনের উদ্যোগ দেখা গিয়েছিল। সেমিফাইনালে স্পেনের বিপক্ষে পেনাল্টির আগে একটি ট্যাকল নিয়ে বিতর্কের পর ম্যাচটি পুনরায় খেলার দাবিতে ফ্রান্সে একটি অনলাইন আবেদন চালু হয়। সে সময় ৮২ হাজারের বেশি সই সংগ্রহ করা হলেও টুর্নামেন্টের ফলাফলে তার কোনো প্রভাব পড়েনি।
উল্লেখ্য, ফাইনালে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর শিরোপা জিতেছে স্পেন। তবে রেফারিং নিয়ে বিতর্ক থাকলেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ভিন্ন মত পোষণ করেছেন। তিনি বলেন, ‘রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। সেটা স্বীকার করতেই হবে।’