সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নৌ অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করে। বাংলাদেশ সরকারের মতে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করার পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে এবং আন্তর্জাতিক সমুদ্র-বাণিজ্যের স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটাতে পারে।
নৌ চলাচলের স্বাধীনতার প্রতি গুরুত্বারোপ করে ঢাকা জানিয়েছে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন অনুযায়ী লোহিত সাগরসহ সকল আন্তর্জাতিক সমুদ্রপথে বৈধ ও বাধাহীন নৌ চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বৈশ্বিক অর্থনীতিতে লোহিত সাগরের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এটি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান নৌপথ। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ করিডর লোহিত সাগরে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্বের মানুষের জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতি ডেকে আনবে।’
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচলকারী সকল পণ্য ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানানো হয়েছে। সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার পাশাপাশি পরিস্থিতির অবনতি রোধে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ বলেছে, সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ সম্পৃক্ততার মাধ্যমেই এই সংঘাতের একটি টেকসই সমাধান সম্ভব।