চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ লোকমান হোসেন।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক লোকমান হোসেনকে এই পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, "যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসরের তারিখ—যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি সহ–উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন।"
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বর্তমান পদের (অধ্যাপক) সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ করে তিনি তাঁর দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।
অধ্যাপক মোহাম্মদ লোকমান হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে জৈব সংশ্লেষণ (অর্গানিক সিনথেসিস) বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পিকিং বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তিনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস একাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর তিনি পরিবেশ রসায়ন বিষয়ে গবেষণা শুরু করেন এবং বর্তমানে ওই বিষয়ে একটি গবেষণা দল পরিচালনা করছেন। এখন পর্যন্ত দেশি ও বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর ২১টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।