বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং স্পিনার মেহেদী হাসানকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আর্থিক জরিমানার প্রস্তাব করেছে। বিসিবিকে অবহিত না করে চীনে ভ্রমণ এবং সংবাদমাধ্যমে টিম ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ প্রকাশের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিসিবি পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পৃথকভাবে দুই ক্রিকেটারের বক্তব্য শোনার পর কমিটি এই জরিমানার সুপারিশ করেছে। সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, ‘দুই ক্রিকেটারই তাঁদের ভুল স্বীকার করেছেন। কিন্তু যেহেতু তাঁরা কোড অব কন্ডাক্ট ভেঙেছেন, তাঁদের কিছু জরিমানা গুনতে হবে।’

উল্লেখ্য, গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে চোট পাওয়া লিটন দাস অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে খেলতে পারেননি। জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ খেলতে গেলেও কোনো ম্যাচ না খেলেই তিনি দেশে ফেরেন। তবে পুনর্বাসন প্রক্রিয়ার সময় বিসিবিকে না জানিয়েই তিনি চীনে চলে যান, যা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়। এই ঘটনায় লিটনকে তলব করে তাঁর ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

অন্যদিকে, চট্টগ্রামের টি-টোয়েন্টি সিরিজে একাদশে জায়গা না পাওয়া নিয়ে সংবাদমাধ্যমে টিম ম্যানেজমেন্টের প্রতি হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছিলেন মেহেদী হাসান। জিম্বাবুয়ে সফর শেষে বুধবার সন্ধ্যায় ডিসিপ্লিনারি কমিটির সামনে উপস্থিত হন তিনি। তাঁর ক্ষেত্রেও জরিমানার সুপারিশ করেছে কমিটি।

জরিমানার সঠিক পরিমাণ উল্লেখ না করলেও সিরাজউদ্দীন জানান, লিটনের তুলনায় মেহেদী হাসানকে বেশি আর্থিক জরিমানার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হবে। শৃঙ্খলার বিষয়ে বোর্ডের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শৃঙ্খলার বিষয়ে এই বোর্ডের অবস্থান খুব পরিষ্কার। যে–ই শৃঙ্খলা ভাঙবেন, তাঁকেই জবাবদিহি করতে হবে। সেটা খেলোয়াড় হোক, কোচ হোক, বোর্ড কর্মকর্তা এমনকি পরিচালক হলেও।’