জাতীয় দলে তারা দু’জন খেলেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের হয়ে তবে এবার ক্লাবে একই দলে খেলবেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। পাঁচবারের চ্যাম্পিয়নস লিগজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে ফ্রিতে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি।
ক্লাবের ঘোষণা অনুযায়ী, ২০২৭ এমএলএস স্প্রিন্ট মৌসুমের শেষ পর্যন্ত কাসেমিরোর সঙ্গে চুক্তি হয়েছে। সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের পি-১ ভিসা পাওয়ার পর দলের সঙ্গে যোগ দিতে পারবেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর ফ্রি ট্রান্সফারে মায়ামিতে যোগ দিলেন কাসেমিরো। তাকে দলে নেওয়ার জন্য এমএলএসের নিয়ম অনুযায়ী এলএ গ্যালাক্সির কাছ থেকে অগ্রাধিকার অধিকারও কিনেছে ইন্টার মায়ামি।
নতুন ক্লাবে যোগ দিয়ে কাসেমিরো জানিয়েছেন, জয়ের আকাঙ্ক্ষা ও ইন্টার মায়ামির ভবিষ্যৎ পরিকল্পনাই তাকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। মাঠের ম্যাচের পাশাপাশি প্রতিদিনের অনুশীলনেও নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
কাসেমিরোকে স্বাগত জানিয়েছেন ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। দীর্ঘদিন ধরে তাকে খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে পছন্দ করার কথা জানিয়ে বেকহ্যাম বলেছেন, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে অসাধারণ ক্যারিয়ারের পর কাসেমিরো মায়ামিকে নিজের নতুন ঠিকানা করায় তিনি আনন্দিত।
Midfield, reinforced. Bem-vindo, @Casemiro ! 🇧🇷 https://t.co/1GW3A40qvD pic.twitter.com/ZmM0IXUXux — Inter Miami CF (@InterMiamiCF) July 22, 2026
Midfield, reinforced. Bem-vindo, @Casemiro ! 🇧🇷 https://t.co/1GW3A40qvD pic.twitter.com/ZmM0IXUXux
রিয়াল মাদ্রিদের হয়ে আট মৌসুমে ৩৩৬ ম্যাচ খেলেছেন কাসেমিরো। ৩১ গোল ও ২৯টি গোলে সহায়তার পাশাপাশি ক্লাবটির সঙ্গে জিতেছেন ১৮টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা ও তিনটি ক্লাব বিশ্বকাপ।
২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬০ ম্যাচে ২৬ গোল ও ১৪টি গোলে সহায়তা করেন তিনি। ইংলিশ ক্লাবটির হয়ে একটি লিগ কাপ ও একটি এফএ কাপও জিতেছেন।
ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচ খেলা কাসেমিরো ২০১৯ সালের কোপা আমেরিকাজয়ী দলের সদস্য। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের পাঁচ ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। এবার মেসি ও রদ্রিগো দি পলের সঙ্গে ইন্টার মায়ামির তারকাবহুল মাঝমাঠে দেখা যাবে অভিজ্ঞ এই ব্রাজিলিয়ানকে।