আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে বড় উন্নতি করেছেন বাংলাদেশের মেহেদী হাসান। বোলারদের মধ্যে চার ধাপ এগিয়ে মেহেদীর অবস্থান এখন ১৯তম। তবে টাইগারদের আরেক বোলার নাসুম আহমেদ তিন ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছেন।
মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিংয়ে নাসুমের রেটিং পয়েন্ট ৬৪৬। ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডের সঙ্গে একই অবস্থানে রয়েছেন তিনি। নাসুমের ক্যারিয়ারসেরা রেটিং ৬৬০, যা চলতি বছর চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে অর্জন করেছিলেন।
অন্যদিকে মেহেদীর রেটিং পয়েন্ট ৬৩২। তার ক্যারিয়ারসেরা ৬৪০ পয়েন্ট এসেছিল মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে।
৭৫৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। পাকিস্তানের আবরার আহমেদ দ্বিতীয় এবং ইংল্যান্ডের আদিল রশিদ তৃতীয় স্থানে রয়েছেন।