বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলাম। তিনি অধ্যাপক আবদুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ বুধবার এই নিয়োগের কথা জানানো হয়েছে। বুয়েটের অধ্যাদেশ অনুযায়ী, রাষ্ট্রপতি ও বুয়েটের চ্যান্সেলরের আদেশে এই নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলাম যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখের মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত এই পদে বহাল থাকবেন। সহ-উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের (অধ্যাপক) সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। এছাড়া তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে হবে। তবে চ্যান্সেলর ও রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় তাঁর নিয়োগ বাতিল করতে পারবেন।

বুয়েটের চতুর্থ সহ-উপাচার্য হিসেবে নিযুক্ত অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলাম ১৯৯৭ সালে ওই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০২ সালে জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং পরবর্তীতে সেখান থেকেই পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন তিনি।

গবেষণা ও একাডেমিক ক্ষেত্রে অধ্যাপক শরীফুল ইসলামের বিশেষ অবদান রয়েছে। তিনি ১৯০টির বেশি গবেষণা প্রবন্ধ, বই ও নকশা নির্দেশিকা প্রকাশ করেছেন। তাঁর গবেষণার বিশেষ আগ্রহের বিষয়গুলোর মধ্যে রয়েছে বায়ো ইঞ্জিনিয়ারিং, জলবায়ু-সহনশীল অবকাঠামো, দুর্যোগ-সহনশীল আবাসন, সবুজ নির্মাণসামগ্রী এবং নদীর বালু ও স্থানীয় বর্জ্য উপকরণ ব্যবহার করে আর্থ-ব্লক প্রযুক্তি। তাঁর উদ্ভাবিত ভেটিভারভিত্তিক বায়ো ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছে। এই উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশ মিলিয়ে ২৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এ পর্যন্ত তিনি ৯০টির বেশি দেশি-বিদেশি এমএস ও পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৩ সালে বুয়েটে পূর্ণ অধ্যাপক হিসেবে নিযুক্ত শরীফুল ইসলাম বর্তমানে পুরকৌশল বিভাগে অধ্যাপনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক হিসেবে কর্মরত আছেন।