ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আজকের তারিখ দিয়ে লিখে রাখুন, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা বা দাফন-কাফন হবে না। দিল্লিতেই তার মৃত্যু হবে।

বুধবার (২২ জুলাই) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী এক পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে সারোয়ার তুষার বলেন, বিএনপি বলছে গণভোট অবৈধ ও অসাংবিধানিক। কিন্তু গণভোট যদি অবৈধ হয়, তবে বিএনপি নামক দলটির উৎসও প্রশ্নের মুখে পড়ে। আর গণভোট অসাংবিধানিক হলে বর্তমান সরকারও অসাংবিধানিক হয়ে যায়। এ বিষয়ে বিএনপিকেই তাদের অবস্থান দ্রুত পরিষ্কার করতে হবে।

শেখ হাসিনার বর্তমান পরিস্থিতি তুলে ধরে এনসিপির এই নেতা আরও বলেন, তিনি দেশে ফেরার হুঙ্কার দিচ্ছেন, কিন্তু বাস্তবে কখনো আসবেন না। ভারত এখন তাকে আশ্রয় দিলেও তিব্বতের দালাই লামার মতো ব্যবহার করতে পারবে না; কারণ বিশ্বমঞ্চে দালাই লামার যে গ্রহণযোগ্যতা ছিল, শেখ হাসিনার তা নেই। এমনকি ভারতও তাকে অন্য কোনো দেশে পাঠাতে পারছে না, কারণ কোনো দেশ তাকে নিতে রাজি হচ্ছে না।

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে গিয়ে শত শত মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে সারোয়ার তুষার বলেন, দেশের মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে যারা অত্যাচার চালিয়েছে, সেই শহীদের অভিশাপেই তার এমন করুণ পরিণতি হবে।

এনসিপির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেতা আলী আহসান জুনায়েদ ও মহিউদ্দিন রনিসহ স্থানীয় নেতারা।