কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা একটি প্রত্যাশায় ঐকমত্যে পৌঁছেছি। সেই প্রত্যাশা পূরণে আমাদের সক্ষমতা ও সামর্থ্য দিয়ে জনগণের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাব। আমরা এমন একটি রাজনৈতিক দল গঠন করেছি, যা সব মানুষের অধিকার আদায়ের কথা বলছে এবং সে লক্ষ্যে কাজ করছে। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
বুধবার (২২ জুলাই) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলা শাখা আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বিএনপির গণভোটবিষয়ক অবস্থানের সমালোচনা করে বলেন, বিএনপি বলছে গণভোট অবৈধ ও অসাংবিধানিক। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামক দলটিও অবৈধ। গণভোট যদি অসাংবিধানিক হয়, তবে বর্তমান সরকারও অসাংবিধানিক। এখন বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে।
শেখ হাসিনাকে নিয়ে একই বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। বাংলাদেশের মাটিতে তার জানাজা বা দাফন-কাফন হবে না; দিল্লিতেই তাকে মৃত্যুবরণ করতে হবে। এ ছাড়া তিনি দাবি করেন, শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিকভাবে ব্যবহার করা সম্ভব হবে না এবং তার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে এনসিপির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ আনোয়ার মোর্শেদ সোহেল বলেন, বিগত সরকারের আমলে বাগেরহাট ছিল সবচেয়ে বেশি অবহেলিত জেলাগুলোর একটি। দুর্বল নেতৃত্বের কারণে জনগণ কাঙ্ক্ষিত উন্নয়ন ও সেবা থেকে বঞ্চিত হয়েছে। এখন সৎ, যোগ্য ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান যুবসমাজ জাতীয় নাগরিক পার্টির সঙ্গে রয়েছে। আমরা দলকে আরও শক্তিশালী করে বাগেরহাটে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপি নেত্রী ড. মাহমুদা মিতু, কেন্দ্রীয় নেতা আলী আহসান জুনায়েদ, মহিউদ্দিন রনি এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
পথসভা শেষে সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় নেতারা মোংলা উপজেলায় আয়োজিত অপর একটি পথসভায় যোগ দেন।