আওয়ামী লীগের ১৭ বছর মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। তিনি বলেন, শহরকেন্দ্রিক কিছু দৃশ্যমান উন্নয়ন হলেও গ্রামীণ জনপদে প্রকৃত উন্নয়ন হয়নি।
সম্প্রতি মুক্তকণ্ঠের ‘আলাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফজলে হুদা বাবুল বলেন, টেলিভিশনে যে উন্নয়নের চাকচিক্য দেখা যায়, সেটিই বাংলাদেশের পুরো চিত্র নয়। প্রকৃত বাংলাদেশ হলো গ্রামীণ বাংলাদেশ, যেখানে এখনো অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের সংকট রয়েছে।
তিনি বলেন, মেগা প্রকল্পের নামে বিপুল অর্থ ব্যয় করা হলেও গ্রামের রাস্তা, স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তার দাবি, গ্রামীণ এলাকায় এমন অনেক রাস্তা রয়েছে, যার জন্য একাধিকবার অর্থ বরাদ্দ ও উত্তোলন করা হলেও বাস্তবে সংস্কার কাজ হয়নি।
আওয়ামী লীগ সরকারের সময়ে মেগা প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে এবং অনেক প্রকল্পে বিদেশের তুলনায় কয়েকগুণ বেশি ব্যয় দেখানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, শহরের কিছু দৃশ্যমান উন্নয়নের আড়ালে গ্রামীণ জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে ঘাটতি রয়ে গেছে।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় থাকলে গত ১৭ বছরে মেগা দুর্নীতির পরিবর্তে জনবান্ধব প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হতো। উত্তরবঙ্গের খনি থেকে কয়লা ও পাথর উত্তোলনকে কেন্দ্র করেও সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।