জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষের গণভোটের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা এনসিপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের কলেজ মোড়স্থ ‘স্বাধীনতার বিজয়স্তম্ভ’ চত্বর থেকে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা’ শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করে বলেন, ২০২৪ সালের আন্দোলনে জীবন দেওয়া শহীদদের খুনিদের টাকার বিনিময়ে ছাড়িয়ে দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। খুনিদের রক্ষার জন্য তারা ট্রাইব্যুনালে নিজেদের পছন্দের লোক বসিয়েছে। এছাড়া ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি মসজিদ কমিটির দখলও তারা নিয়েছে।
তিনি আরও বলেন, আমরা বলেছিলাম আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে কোনো চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। কিন্তু তারা আবু সাঈদের স্বপ্নকে ভেঙে চুরমার করেছে।
বিএনপির তীব্র সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের দাবির বিরুদ্ধে গিয়ে তারা শেখ হাসিনার ‘মুজিববাদী সংবিধান’ ও ভারতীয় স্বার্থ বাস্তবায়নে কাজ করছে। ২০০ আসন পেয়ে বিএনপির পাখনা গজিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই—বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার করা না হলে সেই পাখনা ভেঙে মাটিতে লুটিয়ে পড়বে।
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, ‘নারী শক্তি’র আহ্বায়ক নাসিরা খন্দকার নিশাসহ জেলা ও স্থানীয় নেতারা।