চলতি বছর না হলেও আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনে প্রভাব বিস্তারের কোনো সুযোগ থাকবে না। জনপ্রতিনিধিদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে।
রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এ লক্ষ্যেই স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারে সরকার কাজ করছে।
এ বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হতে হবে। সরকারি ত্রাণ সঠিকভাবে বণ্টন করতে হবে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের যেন সহজে বরখাস্ত করা না যায়, সে বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি সরকার বিবেচনা করছে। এমন আইন করা হলে স্থানীয় জনপ্রতিনিধিরা আরও স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন।