নকল বিএসটিআই সিল ব্যবহার করে খাদ্যপণ্য বাজারজাতকরণ এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে মাগুরা শহরের ভাই ভাই বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে বেকারির সব ধরনের উৎপাদন কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে মাগুরা শহরের নতুন বাজার ব্রিজসংলগ্ন এলাকায় অবস্থিত বেকারিটিতে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্র জানায়, এর আগেও দুই বার সতর্ক করা সত্ত্বেও প্রতিষ্ঠানটি নকল বিএসটিআই সিল ব্যবহার বন্ধ করেনি; বরং ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে এসব অবৈধ সিলযুক্ত খাদ্যপণ্য বাজারজাত করে আসছিল। এ ছাড়া বেকারির ভেতর অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া যায়।
কারখানাটির শৌচাগার ছিল অস্বাস্থ্যকর এবং হাত ধোয়ার জন্য সাবানের কোনো ব্যবস্থা ছিল না। কর্মচারীদের হেয়ার নেট কিংবা হ্যান্ড গ্লাভসসহ ন্যূনতম স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ব্যবহার করতেও দেখা যায়নি। ফলে পুরো উৎপাদন পরিবেশই জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে প্রমাণিত হয়।
মাগুরা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন বাজার এলাকার এই প্রতিষ্ঠানটিকে আগে দুবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা নির্দেশনা অমান্য করে নকল বিএসটিআই সিল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন অব্যাহত রাখে, যা ভোক্তাসাধারণের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি।
তিনি আরও জানান, জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অধিদপ্তরের কঠোর অভিযান অব্যাহত থাকবে।