দেশের বিভিন্ন প্রান্তে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয়টি শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত এই মৃত্যুগুলো ঘটে। এর মধ্যে চারজন শিশু ঢাকা বিভাগের এবং বাকি দুজন সিলেট বিভাগের বাসিন্দা। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৭০৮ জন শিশু এবং নিশ্চিত হামে ৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে।
রোগীর সংখ্যার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯০৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর মোট সংখ্যা ১ লাখ ২০ হাজার ৩৫২ জনে পৌঁছেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৩৩ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ৮৪১ রোগীর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
হাসপাতালে ভর্তির তথ্যে দেখা যায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩ হাজার ৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৯ হাজার ২৯৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।