বান্দরবানের লামা পৌর এলাকার চেয়ারম্যানপাড়ার একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ হাসান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে চেয়ারম্যানপাড়ার আনোয়ারা নামের এক নারীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত মোহাম্মদ হাসান চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও টেক এলাকার বাসিন্দা। তবে জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে লামা পৌরসভার চেয়ারম্যানপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসানের ছোট বোন সম্প্রতি পরিবারের অজান্তে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ ঘটনার পর থেকেই হাসান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বোনের পালিয়ে যাওয়ার ঘটনার জের ধরে ক্ষোভে ও দুঃখে তিনি নিজ কক্ষে গলায় ফাঁস দেন।

প্রতিবেশী সবুজ মিয়া জানান, রাতে পাশের ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনে তিনি সেখানে যান। ঘরের ভেতরে ঢুকে হাসানকে ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন তিনি। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা সাইফুজ্জামান বলেন, হাসান অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে ছিলেন। বোনের চলে যাওয়ার পর থেকে গত কয়েক দিন ধরে তিনি খুবই চিন্তিত ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কিন্তু তিনি এমন একটা চরম সিদ্ধান্ত নেবেন, তা আমরা কেউ কল্পনাও করতে পারিনি।

খবর পেয়ে লামা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির পুলিশ সদস্য নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জাহান কামাল জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।