ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র মুখের গঠন পরিবর্তনের জন্য ‘চিন হারমোনাইজেশন’ নামক একটি কসমেটিক প্রক্রিয়া করিয়েছেন। ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। চিকিৎসার পর তাঁর নতুন চেহারার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেক সমর্থকের মন্তব্য, “ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!”

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা ছিল হতাশাজনক। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শেষ ষোলোতেই নরওয়ের কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা। দলের এমন বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস। তবে এবার তিনি আলোচনায় এসেছেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, আগের তুলনায় ভিনিসিয়ুসের চিবুক বা থুতনি এবং চোয়ালের গঠন অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে। নতুন এই রূপ দেখে অনেক সমর্থক মজা করে বলছেন, তাঁকে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রামিরেসের মতো দেখাচ্ছে।

চিকিৎসা বিজ্ঞানে ‘চিন হারমোনাইজেশন’ এমন একটি প্রসাধনী প্রক্রিয়া, যার মাধ্যমে চিবুকের আকার, আকৃতি বা অবস্থানে পরিবর্তন এনে মুখের সামগ্রিক ভারসাম্য উন্নত করার চেষ্টা করা হয়। এক্ষেত্রে শুধু চিবুক নয়, বরং নাক, ঠোঁট ও চোয়ালের সঙ্গে মুখের সামঞ্জস্যের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়। এই প্রক্রিয়াটি অস্ত্রোপচারের মাধ্যমে অথবা অস্ত্রোপচার ছাড়াই সম্পন্ন করা সম্ভব। ভিনিসিয়ুসের ক্ষেত্রে প্রচলিত অস্ত্রোপচারের বদলে বিশেষ ধরনের ফিলার ব্যবহার করে চিবুক ও চোয়ালের গঠন সুস্পষ্ট করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ব্রাজিলের গইয়ানিয়ায় অবস্থিত লুমিনি প্রিভিলেজ ক্লিনিকে চর্মরোগবিশেষজ্ঞ আলেসান্দ্রো আলারকাও এই প্রক্রিয়াটি সম্পন্ন করেন। চিকিৎসার পর প্রাথমিকভাবে কিছুটা ফোলা ভাব থাকায় সময়ের সঙ্গে ভিনির চেহারায় আরও সামান্য পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার মাঝেও ভিনিসিয়ুস ছিলেন অন্যতম সেরা পারফরমার। ৫ ম্যাচে তিনি ৪টি গোল এবং ১টি অ্যাসিস্ট করেছেন। বর্তমানে তাঁর নজর রিয়াল মাদ্রিদের দিকে। প্রাক্-মৌসুম অনুশীলনে যোগ দিতে তিনি শিগগিরই স্পেনে ফিরবেন। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ আর এক বছর বাকি থাকায় ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, ভিনিসিয়ুস ও রিয়াল মাদ্রিদ—দুই পক্ষই একসঙ্গে পথচলা চালিয়ে যেতে চায়।

গ্রীষ্মকালীন বিরতিতে নিজের চেহারায় পরিবর্তন আনার সিদ্ধান্তটি সম্পূর্ণ ব্যক্তিগত বলে জানা গেছে। তবে নতুন রূপে মাঠে ফেরার আগে ভিনিসিয়ুসকে ঘিরে সমর্থকদের কৌতূহল এখন তুঙ্গে।