সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের সংকটের প্রতিবাদে ময়মনসিংহে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। প্রায় আড়াই ঘণ্টার অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ চরম দুর্ভোগে পড়েন। পরে পুলিশের আশ্বাসে চালকরা সড়ক ছেড়ে দিলে দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরের দিগারকান্দা এলাকায় মহাসড়ক অবরোধ করেন চালকেরা। এ সময় তারা গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবিতে স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
আন্দোলনকারী চালকদের ভাষ্য, কয়েক দিন ধরে জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা হচ্ছে না। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও অনেক চালককে গ্যাস না নিয়েই ফিরে যেতে হচ্ছে। এতে নিয়মিত যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে, কমে গেছে তাদের দৈনিক আয়। অনেক চালকের দাবি, এ পরিস্থিতিতে সংসারের ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া চালক আজিজুল ইসলাম বলেন, গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে। এভাবে চললে পরিবার চালানো সম্ভব নয়। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
ফরিদ মিয়া নামের আরেকজন চালক বলেন, জেলায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে তাদের জীবিকা আরও অনিশ্চিত হয়ে পড়বে। তাই দ্রুত সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, ট্রাক, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। দীর্ঘ যানজটের প্রভাব আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়। কেউ কেউ যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত চালকদের সঙ্গে আলোচনা করে। পরে দুপুর ১২টার দিকে তাদের সড়ক থেকে সরে যেতে রাজি করানো হয়। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিব্বিরুল আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আন্দোলনরত চালকদের সঙ্গে আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।