বগুড়া সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই নারী বর্তমানে প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি পরিবারের।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের ফাঁপোড় পূর্বপাড়া গ্রামের মাহবুবুর রহমান, আলমগীর হোসেন এবং শহিদুল ইসলাম।

ঘটনাটি জানাজানি হওয়ার পর মঙ্গলবার (২১ জুলাই) এলাকাবাসী অভিযুক্ত আলমগীর ও শহিদুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। অপর অভিযুক্ত মাহবুবুর পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী একটি মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা তাকে একাধিকবার ধর্ষণ করেন। এরই ধারাবাহিকতায় ওই নারী প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সম্প্রতি ভুক্তভোগীর স্বামী জামিনে কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরেন। স্ত্রীর শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার কথা জানান। এরপর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তকে আটক করতে কাজ করছে পুলিশ। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।