হাঁটতে বের হয়ে কুকুরের কামড়ে আহত হয়েছেন মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মাসুদ সেখ।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে আদালত চত্বরের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং রেবিস প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে হাঁটাহাঁটি করতে বের হন বিচারক আলী মাসুদ সেখ। এ সময় আদালত চত্বরের পাশে একটি কুকুর তার শরীরের একাধিক স্থানে কামড় দেয়।
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক আহমেদ ও ডা. লিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. ফারুক আহমেদ বলেন, আহত অবস্থায় বিচারককে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদসহ কয়েকজন চিকিৎসকের একটি দল দ্রুত তার চিকিৎসা শুরু করেন। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার পর তিনি নিজ বাসভবনে ফিরে যান।
এদিকে গত এক বছরে মেহেরপুর জেলায় অন্তত ১০০ জনের বেশি মানুষ কুকুরের কামড়ে আহত হয়েছেন। সম্প্রতি গত ১৪ জুন গাংনী পৌর শহরে একটি পাগলা কুকুর প্রায় দেড় ঘণ্টা তাণ্ডব চালিয়ে অন্তত ১৭ জনকে কামড়ায়। এরপর গত ১৭ জুলাই গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের রামনগর গ্রামে কুকুরের আক্রমণে অন্তত ২০ জন আহত হন।