বীর উত্তম কর্নেল আবু তাহেরের ৫০তম হত্যা দিবস পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এই উপলক্ষ্যে মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা এবং নানা কর্মসূচি পালন করা হয়।

দিবসের কর্মসূচিগুলোর মধ্যে ছিল কর্নেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান, তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দলীয় কার্যালয়গুলোতে পতাকা অর্ধনমিত রাখা।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত শহীদ কর্নেল তাহের মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক, বাংলাদেশের সাম্যবাদী দলের সদস্য মোশাহিদ আহমেদ এবং গণতান্ত্রিক মজদুর পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম আরা প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, কর্নেল তাহের মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস। তাঁর রাজনৈতিক দূরদৃষ্টির কারণে ১৯৭২ সালেই ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামোকে ব্যবহার করে স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুত্থান ঘটার আশংকার কথা বলেছিলেন তিনি।

এছাড়া বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তির বিরুদ্ধে জাতীয় পুনর্জাগরণ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন। এই লক্ষ্যে দেশপ্রেমী, গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

অন্যদিকে, নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় জাসদ। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত স্মরণসভার আয়োজন করা হয়।