পাবনার ঈশ্বরদীতে মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এবং পবিত্র কুরআনের পৃষ্ঠা আগুনে পোড়ানোর অভিযোগে জুয়েল রানা (৪০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সাঁড়া গোপালপুর এলাকার শেফালী পোলট্রি সংলগ্ন ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জুয়েল রানা নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। ঘটনার দিনও তিনি স্ত্রীর কাছে টাকা দাবি করেন। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর শুরু করেন জুয়েল। একপর্যায়ে ঘরের ভেতরে রাখা পবিত্র কুরআনের পৃষ্ঠার মাঝখানে লুকানো টাকা পেয়ে যান তিনি। এতে আরও ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে পুনরায় মারধরের পাশাপাশি কুরআন মাজীদের কয়েকটি পৃষ্ঠা আগুনে পুড়িয়ে দেন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার সময় স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জুয়েলকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখে এবং গলায় জুতার মালা পরিয়ে মুখে চুনকালি মাখিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি চরম মাদকাসক্ত। মাদক সেবনের টাকার বিষয়কে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত। অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টির গভীর তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।