রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বিপন্ন প্রজাতির প্রায় ১১ কেজি ও ৩ কেজি ওজনের দুটি ঢাঁই মাছ ধরা পড়েছে। মঙ্গলবার সকালে বাহির চর দৌলতদিয়া এলাকায় জেলেদের জালে মাছ দুটি ধরা পড়ে। মাছ দুটি ৬৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাহির চর দৌলতদিয়ার কলাবাগান এলাকায় স্থানীয় এক জেলের জালে ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের ঢাঁই মাছটি ধরা পড়ে। এ ছাড়া প্রায় একই সময় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা মালোচি এলাকার জেলে পরান হালদারের জালে তিন কেজি ওজনের আরেকটি ঢাঁই মাছ ধরা পড়ে। বড় মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট বাজারের ইউনুস মণ্ডলের আড়তে তোলা হয়। সেখানে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ২৪০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ঘাট বাজারের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। ছোট মাছটি বাজারের আনু খাঁর আড়তে তোলা হলে সেটিও তিনি ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে ১০ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, মাছ দুটি কেনার পর তিনি তাঁর ফেসবুক পেজে বিক্রির জন্য ছবি প্রকাশ করেন। এ ছাড়া পরিচিত বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে থাকেন। একপর্যায়ে চট্টগ্রামের বাসিন্দা সৌদি আরবপ্রবাসী জাহাঙ্গীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি মাছ দুটি কিনতে আগ্রহী হন। পরে শাহজাহান শেখ তাঁর কাছে বড় ঢাঁই মাছটি কেজি প্রতি ১০০ টাকা লাভে ৫৮ হাজার ৩২০ টাকায় ও ছোট ঢাঁই মাছটি কেজি প্রতি ১৫০ টাকা লাভে ১০ হাজার ৯৫০ টাকায় বিক্রি করেন। দুপুরে মাছ দুটি চট্টগ্রামের ওই প্রবাসীর ঠিকানায় পাঠানো হয়।