রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে ১ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। আজ ওয়ারী থানার মামলাটিতেও জামিন পাওয়ায় এখন তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে উল্লেখ করেন আইনজীবী।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতির সঙ্গে যোগাযোগ করে। শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে তাঁর বিশ্বাস অর্জন করে বিনিয়োগে উদ্বুদ্ধ করা হয়। পরবর্তীতে মুনাফার প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা নেওয়া হলেও তা আর ফেরত দেওয়া হয়নি। এই ঘটনায় ভুক্তভোগী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় মামলা করেন। তদন্ত চলাকালীন তৌহিদ আফ্রিদিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয় এবং চলতি বছরের ১৫ জুন এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে ২০২৫ সালের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর তাঁকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয় এবং তিনি কারাগারে বন্দি ছিলেন।