বগুড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জামালপুর এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা–রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এর ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বগুড়া বিশ্ববিদ্যালয় আইনে স্থায়ী ক্যাম্পাস শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় স্থাপনের কথা উল্লেখ ছিল। কিন্তু সংশোধিত আইনে বলা হয়েছে, বগুড়া জেলার যেকোনো স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা যাবে। সংশোধিত আইনে জামালপুরের নাম উল্লেখ না থাকায় এলাকাবাসীর মধ্যে হতাশা তৈরি হয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, যোগাযোগব্যবস্থার দিক থেকে শাজাহানপুরের জামালপুর একটি গুরুত্বপূর্ণ স্থান। জাতীয় মহাসড়কের কাছাকাছি হওয়ায় জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকেও এখানে সহজে যাতায়াত করা সম্ভব। পর্যাপ্ত অবকাঠামো উন্নয়নের সুযোগ থাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য এলাকাটি উপযুক্ত বলে তারা মনে করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জামালপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের ঘোষণা দিয়েছিলেন, যা বাস্তবায়নের দাবি জানান এলাকাবাসী।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিষয়টি বিবেচনার দাবি জানান। পাশাপাশি দাবি আদায়ে প্রয়োজনে ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "জেলা প্রশাসক মহোদয় নিজেই ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর দাবি যথাযথ স্থানে পৌঁছে দেওয়া হবে বলে আশ্বস্ত করলে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।"
বগুড়ার শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, "প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করার পর অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।"